২১ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা।
বাংলা সফটওয়্যারে যুগান্তকারী অবদানের জন্য অভ্র টিম ২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে একুশে পদক লাভ করেছে। উইকিমিডিয়া বাংলাদেশ তাদের এই অসাধারণ স্বীকৃতির জন্য আন্তরিক শুভেচ্ছা জানায় এবং এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। এতে অভ্র কি-বোর্ডের নির্মাতা মেহদী হাসান খান এবং তার তিন সহযোগী—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন। উল্লেখ্য, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং শাবাব মুস্তাফা সংগঠনটির সভাপতি হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন।
অভ্র দল, যারা ওমিক্রনল্যাবের মাধ্যমে অভ্র-কিবোর্ডের উন্নয়ন মাধ্যমে বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের এই অর্জন বাংলা প্রযুক্তিপ্রেমীদের জন্য গর্বের বিষয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যরা, প্রযুক্তিপ্রেমী, এবং উইকিমিডিয়ানরা উপস্থিত ছিলেন। তারা অভ্র দলের যুগান্তকারী অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলা কম্পিউটিংয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রযুক্তির প্রসারে অভ্র টিমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উইকিমিডিয়া বাংলাদেশ সর্বদা বাংলা ভাষা ও প্রযুক্তির প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বাংলা প্রযুক্তির উন্নয়নে নিবেদিত সকল উদ্ভাবকদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে।
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/47h
